দেশের বিনিয়োগ ব্যবস্থায় বড় ধরনের সংস্কারের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। নতুন ব্যবসা বা কারখানা শুরু করার জন্য প্রয়োজনীয় সব লাইসেন্স, ছাড়পত্র ও অনুমোদন পাওয়ার দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে সময়সীমা সর্বোচ্চ ৩৫৫ দিন থেকে মাত্র ১৮ দিনে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
আমলাতান্ত্রিক জটিলতা দূর করে বিনিয়োগ পরিবেশ সহজীকরণের মাধ্যমে দেশি ও বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগ বাড়াতেই মূলত এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যবসা চালুর আগে প্রয়োজনীয় ১২টি লাইসেন্স ও অনুমোদনের মধ্যে ১১টিই মাত্র এক দিনের মধ্যে পেয়ে যাবেন বিনিয়োগকারীরা। এছাড়া পুরো প্রক্রিয়াটিকে গতিশীল করতে পূর্বশর্ত কমানো, সমান্তরাল আবেদনের সুযোগ এবং একক ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর পরিকল্পনা রয়েছে সরকারের।
শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে গঠিত কমিটির দ্বিতীয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। গত ১৯ অক্টোবর বস্ত্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
সরকারের চূড়ান্ত লক্ষ্য ব্যবসা শুরুর প্রক্রিয়াগুলো ১৪ দিনের মধ্যে সম্পন্ন করা। তবে সভায় ইনভেস্টমেন্ট বাংলাদেশের (আইবি) উপস্থাপিত প্রেজেন্টেশনে অন্তর্বর্তীকালীন পদক্ষেপ হিসেবে এটি ১৮ দিনে নামিয়ে আনার পরিকল্পনা তুলে ধরা হয়েছে।
এ বিষয়ে ইনভেস্টমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী টিবিএসকে জানান, বর্তমানে কারখানা স্থাপনের পরিকল্পনা থেকে শুরু করে ঋণপত্র (এলসি) খোলা পর্যন্ত প্রায় এক বছর সময় লেগে যায়। আমাদের লক্ষ্য হলো—আগামী বাজেটের আগেই যেন ১৪ দিনের মধ্যে নতুন ব্যবসা শুরু করা নিশ্চিত করা যায়। এটি বৈশ্বিক বিনিয়োগকারীদের কাছে একটি ইতিবাচক ও জোরালো বার্তা পাঠাবে।
এক দিনেই মিলবে ১১ সেবা
সভায় উপস্থাপিত প্রেজেন্টেশন অনুযায়ী, এক দিনের মধ্যে দেওয়ার লক্ষ্য নির্ধারিত ১১টি সেবা হলো—নামের ছাড়পত্র, নন-অপারেটিং ব্যাংক অ্যাকাউন্ট খোলা, যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরে (আরজেএসসি) কোম্পানি নিবন্ধন, ট্রেড লাইসেন্স, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) ইস্যুকরণ, নিয়মিত ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ফায়ার লাইসেন্স, পরিবেশগত ছাড়পত্র, ভবনের নকশা অনুমোদন, আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) প্রাপ্তি এবং বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) রেজিস্ট্রেশন। বর্তমানে সরকারি বিভিন্ন সংস্থা থেকে এই সেবাগুলো পেতে ১৬৭ থেকে ৩২৫ দিন পর্যন্ত সময় লাগে।
শুধু আইবি থেকে আইআরসি অনুমোদনে লাগবে ৭ দিন
প্রস্তাবিত ব্যবস্থায় শুধু আমদানি নিবন্ধন সনদের (আইআরসি) সুপারিশের ধাপটি সম্পন্ন করতে এক দিনের বেশি সময় লাগবে। বর্তমানে আইআরসি সনদের জন্য ইনভেস্ট বাংলাদেশকে (আইবি) ১০ দিন সময় নিয়ে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরে (সিসিআইঅ্যান্ডই) সুপারিশ করতে হয়। নতুন রূপরেখায় এই সময় কমিয়ে ৭ দিনে নামানো হবে। এরপর সুপারিশ পাওয়ার পর সিসিআইঅ্যান্ডই মাত্র এক দিনের মধ্যেই শিল্পের জন্য আইআরসি ইস্যু করবে, যার জন্য বর্তমানে ২০ দিন অপেক্ষা করতে হয়।
তাৎক্ষণিক ও স্বয়ংক্রিয় বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট (বিআরসি)
সংস্কার উদ্যোগের অংশ হিসেবে ম্যানুয়াল ট্রেড লাইসেন্সের বদলে স্বয়ংক্রিয় বার্ষিক বিজনেস রেজিস্ট্রেশন সার্টিফিকেট (বিআরসি) চালু করা হবে। একটি কেন্দ্রীয় ডিজিটাল পোর্টালের মাধ্যমে তাৎক্ষণিকভাবে এই সনদ দেওয়া হবে।
বর্তমানে সিটি করপোরেশন, পৌরসভা বা ইউনিয়ন পরিষদ থেকে ম্যানুয়ালি ট্রেড লাইসেন্স নিতে ৭ থেকে ৩০ দিন সময় লাগে। প্রস্তাবিত ব্যবস্থায় অনলাইনে ফি পরিশোধ করার সঙ্গেই আবেদনকারীরা বিআরসি পেয়ে যাবেন; এক্ষেত্রে কোনো প্রি-ইন্সপেকশন বা ম্যানুয়াল অনুমোদনের প্রয়োজন হবে না। ট্রেড লাইসেন্সের ফি স্বয়ংক্রিয়ভাবে স্থানীয় সরকার সংস্থাগুলোর ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে। তবে এটি বাস্তবায়নে নীতিগত সমন্বয় এবং ব্যাংক ও রাজস্ব কর্তৃপক্ষের বিধিমালা হালনাগাদ করার প্রয়োজন হবে।
আগামী বছরের মধ্যেই আরজেএসসির পুরো কার্যক্রম স্বয়ংক্রিয়
সভায় আরজেএসসি জানিয়েছে, অটোমেটেড নেম ক্লিয়ারেন্স ও কোম্পানি রেজিস্ট্রেশন ১ দিনের মধ্যে সম্পন্ন করতে নতুন প্ল্যাটফর্মের পাইলটিং চলছে। আগামী ১৫ জানুয়ারি থেকে এই সেবা পাওয়া শুরু হবে। এছাড়া ২০২৭ সালের ১৫ জানুয়ারি থেকে আরজেএসসির ৫৪টি সেবাসহ সবকিছু পুরোপুরি স্বয়ংক্রিয় করার রোডম্যাপ তৈরি করা হয়েছে। পাশাপাশি কোম্পানি আইন ১৯৯৪ সংশোধন এবং আন্তর্জাতিক বেঞ্চমার্ক অনুযায়ী মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং সহজ করার কাজ চলছে।
ফায়ার ও পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ বৃদ্ধি
ব্যবসায়িক হয়রানি কমাতে ফায়ার লাইসেন্সের মেয়াদ ১ বছর থেকে বাড়িয়ে ৩ বছর করার পরিকল্পনা করা হচ্ছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর জন্য নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করেছে। একইভাবে পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ ক্যাটাগরিভিত্তিক ৩ বা ৫ বছর নির্ধারণ করা হচ্ছে। গণশুনানি অনলাইনে নিয়ে আসা এবং কারিগরি পর্যালোচনা কমিটিতে খাতভিত্তিক বিশেষজ্ঞদের যুক্ত করার উদ্যোগ নিয়েছে পরিবেশ অধিদপ্তর।
পাশাপাশি দ্রুততম সময়ে আইআরসি ও ইআরসি ইস্যুর জন্য ইম্পোর্ট রেজিস্ট্রেশন অর্ডার (আইআরও) সংশোধন করা হচ্ছে, যার মাধ্যমে ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের চূড়ান্ত অনুমোদনকে পূর্বশর্ত হিসেবে রাখার বাধ্যবাধকতা বাতিল করা হবে।



















