জান্নাত জাহা : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর নৌ পুলিশ ফাঁড়িকে ঘিরে উঠেছে চাঞ্চল্যকর অর্থ আদায়ের অভিযোগ। নদীপথে চলাচলকারী মাটিবাহী বোট থেকে নিয়মিত সাপ্তাহিক চাঁদা আদায় এবং চুক্তির বাইরে থাকা বোট আটক করে মোটা অঙ্কের টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে।
প্রাপ্ত তথ্য ও ভিডিওতে ধারণ করা কথোপকথন অনুযায়ী, কাঁচপুর নৌ পুলিশের আওতাধীন নদীপথে চলাচলকারী প্রতিটি বোট থেকে দৈনিক এক হাজার টাকা হিসাবে সপ্তাহে সাত হাজার টাকা আদায়ের চুক্তির বিষয়ে কথা স্বীর করতে শোনা যায় ফাঁড়ির ইনচার্জ জাহাঙ্গীর আলমকে। এতে সাপ্তাহিক ও মাসিক ভিত্তিতে অর্থ আদায়ের বিষয়টি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে, চাঁদার চুক্তির বাইরে থাকা একটি মাটিবাহী বোট আটকের ঘটনা সামনে এসেছে। বোটটি ছাড়িয়ে নিতে প্রথমে দুই লাখ টাকা পরে এক লাখ টাকা দাবি করা হয়। পরে দরকষাকষির একপর্যায়ে ৬০ হাজার টাকার বিনিময়ে বোটটি ছেড়ে দেওয়ার ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট তথ্য থেকে জানা যায়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব যেখানে নদীপথে নিরাপত্তা নিশ্চিত করা, সেখানে দায়িত্বশীল কোনো কর্মকর্তার বিরুদ্ধে এ ধরনের অর্থ আদায়ের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।









