আড়াইহাজার প্রতিনিধি: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করতে চান তারা। পাশাপাশি আগামী পাঁচ বছর পর আন্তর্জাতিক আসরে শুধু অংশগ্রহণ নয়, পদকের জন্য লড়াই করতে চায় সরকার।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলা মিনি স্টেডিয়ামটির নাম ‘শহীদ মঞ্জুর স্টেডিয়াম’ ঘোষণা করেন প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, জেলা পর্যায়ে ক্রীড়া কর্মকর্তা থাকলেও উপজেলা পর্যায়ে কোনো ক্রীড়া কর্মকর্তা ছিলেন না। মাঠপর্যায়ে খেলাধুলাকে এগিয়ে নিতে বর্তমান সরকার ৪৯৫টি উপজেলায় একজন করে ক্রীড়া কর্মকর্তার সঙ্গে দুজন করে স্টাফ নিয়োগ দিচ্ছে।
তিনি আরও বলেন, আগামী শিক্ষাক্রমে চতুর্থ শ্রেণি থেকে ‘খেলাধুলা’ নামে একটি পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করা হচ্ছে। কারণ খেলাধুলার মাধ্যমেই মননশীলতা, ধৈর্য ও শৃঙ্খলাবোধ ফিরিয়ে আনা সম্ভব, যা অন্য কোনো মাধ্যমে কখনোই সম্ভব নয়।


















