নিজস্ব প্রতিনিধি- ফতুল্লা থানাধীন কুতুবপুর ইউনিয়ন পরিষদের লাকী বাজার এলাকা থেকে আহসান বেপারীর পুত্র ৯ নং ওয়ার্ডের যুবলীগ নেতা সোনালীকে গত ১লা নভেম্বর রাতে গ্রেফতার করা হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়। এই সোনালীকে গ্রেফতারের হাত থেকে বাঁচাতে তার সহদর দুই ভাই যুবদল নেতা সুমন ও সবুজ দৌড়ঝাঁপ করেও কোনো কুলকিনারা করতে পারেনি বলে জানা যায়। বর্তমানে সোনালী জেলহাজতে রয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
সোনালী সম্পর্কে স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা যায় যে, এই সোনালী দীর্ঘ বছর যাবৎ রাজনৈতিক প্রভাব খাটিয়ে একটি সংঘবদ্ধ চোরের সিন্ডিকেট তৈরি করে সাধারণ মানুষের বাড়িঘরের বৈদ্যুতিক তার চুরি করে আসছিল বলে অভিযোগ উঠে এসেছে। আওয়ামী সরকারের পটপরিবর্তন হলেও তার স্বভাব-চরিত্র পরিবর্তন না করে দুই ভাইয়ের প্রভাবে আবারও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। তার অত্যাচারে এলাকায় আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। ফলে চুরির অপরাধে তাকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে সে আওয়ামী সরকারের একজন দলীয় লোক হিসেবে এলাকায় চিহ্নিত হয়ে পুনরায় আওয়ামী লীগের কার্যক্রমকে গোপনে সংঘবদ্ধ করার পরিকল্পনা করে বিভিন্ন স্থানে গোপন বৈঠক করে চলছিল বলেও অভিযোগ উঠে এসেছে। সোনালী গ্রেফতারে এলাকায় সাধারণ জনগনের মাঝে স্বস্তি ফিরে এসেছে।












